মানবসভ্যতার ইতিহাসে কিছু প্রাণী কেবল খাদ্য বা শ্রমের উৎস হিসেবে সীমাবদ্ধ থাকেনি; বরং তারা মানুষের সংস্কৃতি, অর্থনীতি, ধর্ম, কৃষি ও সামাজিক কাঠামোর গভীরে নিজেদের স্থায়ী স্থান করে নিয়েছে। গরু সেই বিরল প্রাণীগুলোর অন্যতম। হাজার বছরের ইতিহাসে গরু কখনো কৃষকের শক্তি, কখনো সম্পদের প্রতীক, কখনো ধর্মীয় অনুষঙ্গ, আবার কখনো সভ্যতার চালিকাশক্তি হয়ে উঠেছে। অথচ আজকের শান্ত, গৃহপালিত গরুর পূর্বপুরুষ ছিল ভয়ংকর বন্য প্রাণী—অরক্স। বিশাল দেহ, তীক্ষ্ণ শিং আর হিংস্র স্বভাবের সেই অরক্স থেকেই ধীরে ধীরে মানুষের ঘরের গরুর জন্ম।
প্রাগৈতিহাসিক পৃথিবীতে ইউরোপ, এশিয়া ও উত্তর আফ্রিকার বিস্তীর্ণ বনভূমি ও তৃণভূমিতে বিচরণ করত অরক্স নামের বিশাল বন্য গরু। আধুনিক গরুর তুলনায় তারা ছিল অনেক বড়, দ্রুতগামী ও ভয়ংকর। একটি পূর্ণবয়স্ক পুরুষ অরক্সের উচ্চতা প্রায় ছয় ফুট পর্যন্ত হতো এবং তাদের বাঁকানো বিশাল শিং ছিল শক্তিশালী অস্ত্র। সে সময়ের মানুষের কাছে অরক্স ছিল একই সঙ্গে শিকার এবং আতঙ্কের প্রতীক। প্রাচীন গুহাচিত্রে তাদের উপস্থিতি প্রমাণ করে যে মানুষ এ প্রাণীকে গভীরভাবে পর্যবেক্ষণ করত এবং তাদের শক্তি ও বন্য সৌন্দর্যে মুগ্ধ ছিল।
বিজ্ঞানীদের মতে, প্রায় ২০ লাখ বছর আগে এশিয়ায় বসবাসকারী হরিণসদৃশ প্রাণী লেপ্টোবোস থেকে বিবর্তনের মাধ্যমে অরক্সের উদ্ভব ঘটে। জলবায়ু পরিবর্তন ও ঘাসভূমির বিস্তারের সঙ্গে সঙ্গে তারা মধ্যপ্রাচ্য পেরিয়ে ইউরোপ পর্যন্ত ছড়িয়ে পড়ে। তবে বিভিন্ন অঞ্চলের ভিন্ন পরিবেশের কারণে অরক্সদের মধ্যেও ভিন্নতা তৈরি হয়। ভারতীয় বা এশীয় ধরন, ইউরোপীয় ধরন এবং উত্তর আফ্রিকান ধরন—এই তিনটি স্বতন্ত্র বৈশিষ্ট্যের অরক্স ছিল পৃথিবীতে।
তাদের জীবনযাপনও ছিল প্রকৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত। নদী উপত্যকা, জলাভূমি ও ঘন বনাঞ্চল ছিল তাদের প্রিয় আবাসস্থল। তারা ছিল সম্পূর্ণ তৃণভোজী প্রাণী। ঘাস, ভেষজ উদ্ভিদ, গাছের পাতা, বাকল, ওক ফল—এসবই ছিল তাদের খাদ্য। পৃথিবীর পরিবেশ তখন ছিল অনেক বেশি সবুজ, আর অরক্স সেই সবুজ পৃথিবীর শক্তিশালী অধিবাসীদের অন্যতম।
মানুষের সঙ্গে অরক্সের সম্পর্কের শুরুটা ছিল সংঘাতের। তারা মানুষের ফসল নষ্ট করত, শস্যভূমিতে ঢুকে পড়ত এবং মাঝে মাঝে মানুষের জন্য বিপজ্জনক হয়ে উঠত। কিন্তু ধীরে ধীরে মানুষ বুঝতে পারে, এই শক্তিশালী প্রাণীকে কেবল শিকার না করে নিজেদের কাজে লাগানো সম্ভব। প্রায় খ্রিস্টপূর্ব ৭০০০ অব্দে মানুষ প্রথম অরক্সকে পোষ মানানোর চেষ্টা শুরু করে। কেন তারা এমন ভয়ংকর প্রাণীকে গৃহপালিত করার ঝুঁকি নিল, তা আজও ইতিহাসবিদদের কাছে এক বিস্ময়।
এ বিষয়ে নানা তত্ত্ব রয়েছে। কেউ মনে করেন, অরক্সের সঙ্গে মানুষের ধর্মীয় সম্পর্ক ছিল। প্রাচীন সমাজে চাঁদকে উর্বরতার প্রতীক হিসেবে দেখা হতো, আর অরক্সের অর্ধচন্দ্রাকৃতির শিং সেই বিশ্বাসের সঙ্গে মিলে যেত। ফলে দেবতাদের সন্তুষ্ট করতে পশু বলির প্রয়োজনীয়তা থেকেই মানুষ শান্ত স্বভাবের অরক্স ধরে রাখতে শুরু করে। অন্যদিকে কিছু গবেষকের মতে, অরক্স ছিল শস্য-চোর। ফসল রক্ষার জন্য মানুষ তাদের বাছুর ধরে বসতিতে আটকে রাখত। সময়ের সঙ্গে সঙ্গে সেই বন্য প্রাণীগুলো মানুষের আশপাশে বেড়ে উঠতে উঠতে ছোট, শান্ত ও গৃহপালিত স্বভাবের হয়ে যায়।
গবাদিপশু পোষ মানানোর ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল তাদের দলবদ্ধ জীবন। গরু স্বভাবগতভাবেই পালবদ্ধ প্রাণী। তারা দল ছাড়া থাকতে অস্বস্তি বোধ করে। ফলে একবার কয়েকটি অরক্সকে একত্রে আটকে রাখা সম্ভব হলে বাকিরাও সহজে সেই দলের সঙ্গে থেকে যেত। মানুষের জন্য এটিই ছিল তাদের নিয়ন্ত্রণ করার বড় সুবিধা।
তবে এই গৃহপালিতকরণের প্রক্রিয়া মোটেও কোমল ছিল না। অনেক সময় তাদের শিং কেটে ছোট করা হতো, পুরুষ পশুদের খোজা করা হতো, যাতে তারা কম আক্রমণাত্মক হয়। এসব ছিল অত্যন্ত বেদনাদায়ক ও নিষ্ঠুর প্রক্রিয়া। তবু ধীরে ধীরে মানুষের নিয়ন্ত্রণে আসতে থাকে অরক্স, আর শুরু হয় গৃহপালিত গরুর দীর্ঘ ইতিহাস।
নব্যপ্রস্তর যুগে পৃথিবীর অন্তত তিনটি অঞ্চলে আলাদাভাবে গরু গৃহপালিত হয়েছিল বলে ধারণা করা হয়—মধ্যপ্রাচ্যের উর্বর অর্ধচন্দ্র অঞ্চল, সিন্ধু সভ্যতার অঞ্চল এবং আফ্রিকার দক্ষিণ-পূর্ব সাহারা। এখান থেকেই গড়ে ওঠে গরুর দুটি প্রধান ধারা—কুঁজহীন টোরিন গরু এবং কুঁজযুক্ত জেবু গরু।
এই গৃহপালিত গরুই মানবসভ্যতায় বিপ্লব ঘটায়। কৃষিকাজে গরুর ব্যবহার মানুষের জীবনযাত্রা বদলে দেয়। লাঙল টানার মাধ্যমে জমি চাষ দ্রুত ও সহজ হয়ে ওঠে। মানুষ আর শুধু শিকারি বা যাযাবর থাকে না; তারা স্থায়ীভাবে বসবাস শুরু করে। গড়ে ওঠে গ্রাম, নগর, সভ্যতা। গরুর দুধ খাদ্যনিরাপত্তা নিশ্চিত করে। মাখন, ঘি, পনির, দইয়ের মতো খাদ্য তৈরি সম্ভব হয়। ফলে গরু কেবল প্রাণী নয়, বরং অর্থনীতি ও কৃষিভিত্তিক সমাজের ভিত্তিতে পরিণত হয়।
সমাজে সম্পদের ধারণাও গরুকে কেন্দ্র করে গড়ে উঠতে শুরু করে। গরু ছিল চলমান সম্পদ। যার যত বেশি গরু, সে তত ধনী। ফলে সমাজে ধনী-গরিব বিভাজন তৈরি হতে থাকে। গরু ভাড়া দেওয়া, কেনাবেচা, পশুচিকিৎসা—এসব নিয়ে আইন পর্যন্ত তৈরি হয়। ব্যাবিলনের হাম্মুরাবির আইনসংহিতায় গবাদিপশু সংক্রান্ত বহু আইন ছিল, যা প্রমাণ করে যে সেই সময়েও গরু অর্থনীতির কেন্দ্রীয় অংশ ছিল।
বাণিজ্যের মাধ্যমেও গরু পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। ভারতীয় জেবু গরু তাপ ও রোগ সহনশীল হওয়ায় আফ্রিকা ও অন্যান্য উষ্ণ অঞ্চলে জনপ্রিয় হয়ে ওঠে। স্থানীয় জাতের সঙ্গে সংকরায়ণের মাধ্যমে আরও শক্তিশালী জাত তৈরি হয়। আজও বিশ্বের অনেক অঞ্চলে খরা ও রোগ প্রতিরোধী গরুর জাত তৈরিতে জেবুর জিন ব্যবহার করা হয়।
টোরিন গরু মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে ছড়িয়ে পড়ে। নব্যপ্রস্তর যুগের মানুষের সঙ্গে সঙ্গে গরুও এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যায়। যেখানেই মানুষ স্থায়ী কৃষিভিত্তিক সমাজ গড়ে তুলেছে, সেখানেই গরু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
গরু শুধু কৃষি বা অর্থনীতিতে নয়, সংস্কৃতি ও ধর্মেও গভীর প্রভাব ফেলেছে। পৃথিবীর বহু সভ্যতায় গরুকে পবিত্র মনে করা হয়েছে। কোথাও শক্তির প্রতীক, কোথাও মাতৃত্বের প্রতীক, কোথাও সমৃদ্ধির প্রতীক হিসেবে দেখা হয়েছে। প্রাচীন মিশর, সিন্ধু সভ্যতা, গ্রিস কিংবা ভারতীয় উপমহাদেশ—সব জায়গাতেই গরুর উপস্থিতি বিশেষভাবে লক্ষণীয়।
পরবর্তী সময়ে ইউরোপীয় উপনিবেশবাদীরা গরুকে নতুন পৃথিবীতেও নিয়ে যায়। আমেরিকায় ইংরেজ ও স্প্যানিশ উপনিবেশকারীরা গরু নিয়ে আসে শুধু খাদ্যের জন্য নয়, বরং নিজেদের কৃষিভিত্তিক সভ্যতার প্রতীক হিসেবেও। গরুর মাধ্যমে তারা স্থায়ী বসতি, কৃষি ও ইউরোপীয় জীবনযাত্রা বিস্তার করতে চেয়েছিল।
আজকের পৃথিবীতেও গরু মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। প্রযুক্তির উন্নয়ন, যান্ত্রিক কৃষি ও আধুনিক খাদ্যব্যবস্থা সত্ত্বেও বিশ্বের কোটি কোটি মানুষ এখনো গরুর ওপর নির্ভরশীল। কৃষি, দুধ, মাংস, চামড়া, সংস্কৃতি—সব ক্ষেত্রেই গরুর ভূমিকা অপরিসীম।
বন্য অরক্স থেকে গৃহস্থের শান্ত গরু হয়ে ওঠার এই দীর্ঘ যাত্রা আসলে মানবসভ্যতার নিজের বিবর্তনের গল্প। মানুষ যেমন প্রকৃতিকে নিজের প্রয়োজনে বদলেছে, তেমনি সেই প্রাণীগুলোও মানুষের ইতিহাসকে নতুন পথে পরিচালিত করেছে। তাই গরুর ইতিহাস শুধু একটি প্রাণীর ইতিহাস নয়; এটি মানুষের সভ্য হয়ে ওঠার ইতিহাসও।
আপনার মতামত জানানঃ