গত কয়েক দিন ধরে ফেসবুকের নিউজফিডে চোখ রাখলেই একটি নির্দিষ্ট গানের সুর বারবার কানে বাজছে—“আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে।” কেউ স্কুলের বারান্দায় হেঁটে হেঁটে, কেউ বাসার ছাদে, কেউবা অফিসের করিডরে দাঁড়িয়ে এই গানের সঙ্গে নিজের ভিডিও বানিয়ে আপলোড করছেন। বয়স, পেশা কিংবা লিঙ্গনির্বিশেষে অসংখ্য মানুষ এই এক গানকে ঘিরে যেন একযোগে সোচ্চার হয়ে উঠেছেন। তবে এই ভিডিওর ঢল নিছক কোনো বিনোদনমূলক প্রবণতা নয়; এর পেছনে লুকিয়ে আছে একজন স্কুলশিক্ষিকার প্রতি ঘটে যাওয়া অন্যায় আচরণের প্রতিবাদ, যা ধীরে ধীরে রূপ নিয়েছে একটি সামাজিক আন্দোলনে।
ঘটনার সূত্রপাত সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানকার প্রধান শিক্ষক বিউটি রানী পাল স্কুল ছুটির পর বিদ্যালয় প্রাঙ্গণে হেঁটে চলার একটি ছোট রিল ভিডিও ধারণ করেন এবং সেটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন। ভিডিওতে ব্যবহৃত গানের কলিটি ছিল আলোচিত সেই লাইন—“আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে,” যা মূলত ‘ডিফ্রেন্ট টাচ’ ব্যান্ডের শিল্পী মেজবাহ রহমানের গাওয়া একটি জনপ্রিয় গানের অংশ। ভিডিওটি ছিল সম্পূর্ণ সাধারণ—একজন মানুষ স্কুল ছুটির পর নিজের প্রতিষ্ঠানের আঙিনায় হাঁটছেন, তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে একটি জনপ্রিয় গানের সুর। এমন রিল ভিডিও আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে অহরহই দেখা যায়।
কিন্তু ঘটনা মোড় নেয় যখন একটি স্থানীয় ফেসবুক পেজ থেকে ভিডিওটি নেতিবাচক প্রেক্ষাপটে উপস্থাপন করে ছড়িয়ে দেওয়া হয়। ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ নামের ওই পেজ এবং সংশ্লিষ্ট এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটিকে অশোভন ভঙ্গিতে উপস্থাপন করে একে ঘিরে নেতিবাচক প্রচারণা চালান। যুক্তরাজ্যপ্রবাসী ওই যুবক ভিডিওটিকে রুচিহীন মন্তব্য দিয়ে বর্ণনা করার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং শুরু হয় ব্যাপক ট্রলিং। মন্তব্যের ঘরে জমতে থাকে অসংখ্য কুরুচিপূর্ণ ও অবমাননাকর প্রতিক্রিয়া। কিছু ব্যক্তি এমনকি ভিডিওটির সমালোচনা করে ওই শিক্ষিকার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি পর্যন্ত তোলেন।
বিউটি রানী পাল কোনো সাধারণ শিক্ষক নন। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে তিনি ২০১৩ সালে শিক্ষকতা পেশায় যোগ দেন। বছরের পর বছর ধরে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে তিনি একজন জনপ্রিয় ও নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে পরিচিত। চলতি বছর জেলা পর্যায়ে তিনি শ্রেষ্ঠ শিক্ষকের স্বীকৃতিও পেয়েছেন। তাঁর ফেসবুক অ্যাকাউন্ট ঘাঁটলে দেখা যায়, সেখানে নিয়মিত আপলোড করা হয় শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নানা শিক্ষামূলক ভিডিও—আনন্দঘন পরিবেশে পাঠদান, নাচের মাধ্যমে গণিতের বিভিন্ন চিহ্ন শেখানো, শরীরচর্চার অনুশীলন, এমনকি বৃক্ষরোপণ ও চারা বিতরণের মতো কার্যক্রমের দৃশ্যও।
পরিস্থিতি অসহনীয় পর্যায়ে পৌঁছালে বিউটি রানী পাল বিতর্কিত ভিডিওটি নিজের অ্যাকাউন্ট থেকে সরিয়ে ফেলেন। পাশাপাশি সাইবার বুলিংয়ের শিকার হওয়ার অভিযোগ এনে তিনি ফেঞ্চুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করেন। জিডিতে তিনি অভিযোগ করেন, নির্দিষ্ট একটি ফেসবুক আইডি থেকে তাঁর নামে বিভ্রান্তিমূলক পোস্ট প্রচার করা হয়েছে এবং একটি পেজ তাঁর নাম ও ভিডিও ব্যবহার করে এমনভাবে সংবাদ প্রকাশ করেছে, যা প্রকৃত ঘটনার সঠিক প্রতিফলন নয়। তাঁর ভাষ্য অনুযায়ী, স্বল্প সময়ের একটি সাধারণ ভিডিওকে প্রাসঙ্গিক তথ্য ছাড়াই প্রচার করে তাঁর ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে। ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, ওই শিক্ষিকা সাইবার বুলিংয়ের অভিযোগ এনে থানায় জিডি করেছেন। তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি, এবং যে যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁর বক্তব্যও পাওয়া যায়নি।
ঘটনাটি শুধু সামাজিক মাধ্যমের ট্রলিংয়েই থেমে থাকেনি, বরং এটি প্রশাসনিক জটিলতাতেও রূপ নিয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, বিদ্যালয় প্রাঙ্গণে ভিডিও ধারণের এই ঘটনা সরকারি কর্মচারীদের আচরণবিধি লঙ্ঘনের আওতায় পড়ে কি না, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই সিদ্ধান্ত ঘোষণার পরপরই ক্ষোভ প্রকাশ করেন অনেকে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক মন্তব্য করেছেন, একজন শিক্ষিকার ব্যক্তিগত ভিডিও অন্যায়ভাবে ভাইরাল হওয়ার পর শিক্ষা বিভাগের উচিত ছিল তাঁর পাশে দাঁড়ানো, উল্টো তদন্ত কমিটি গঠনের উদ্যোগ যথাযথ নয় বলে তাঁরা মনে করেন। তাঁদের যুক্তি, রাষ্ট্র যখন সংগীত, খেলাধুলাসহ নানা সৃজনশীল চর্চাকে উৎসাহিত করার কথা বলছে, তখন এই ধরনের একটি নিরীহ কার্যক্রমকে ঘিরে তদন্তের উদ্যোগ সময়োপযোগী মনে হয় না।
এই আলোচনার মধ্যেই সিলেট সফরে আসেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ভিডিওটি তিনি নিজে দেখেননি, তবে আশপাশের মানুষজনের কাছে খোঁজ নিয়ে জেনেছেন যে একজন শিক্ষিকা গান দিয়ে একটি ভিডিও তৈরি করেছিলেন, যেখানে অশালীন বা আপত্তিকর কিছু ছিল না। তিনি স্পষ্ট করে বলেন, গান গাওয়া বা গানের সঙ্গে ভিডিও তৈরি করাকে অন্যায় হিসেবে মেনে নিতে তিনি প্রস্তুত নন, তা অন্য কেউ মানুক বা না মানুক। প্রতিমন্ত্রীর এই মন্তব্য ঘটনাটিকে নতুন মাত্রা দেয় এবং অনেকের কাছে তা স্বস্তির বার্তা হিসেবেও বিবেচিত হয়।
শুধু প্রশাসনিক পর্যায়েই নয়, শিক্ষাঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গন থেকেও বিউটি রানী পালের পক্ষে সমর্থন এসেছে। সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মন্তব্য করেছেন, একটি সাধারণ রিল ভিডিওর জেরে একজন মেধাবী ও সৃষ্টিশীল শিক্ষককে যেভাবে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হলো, তা অত্যন্ত দুঃখজনক। তাঁর মতে, ওই ভিডিওতে অন্যায় বা অশালীন কিছুই ছিল না, অথচ একটি মহল অহেতুক অপপ্রচার চালিয়ে বিষয়টিকে জটিল করে তোলার চেষ্টা করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ও কবি এই ঘটনার প্রতিক্রিয়ায় ফেসবুকে একটি ছোট কবিতাও প্রকাশ করেছেন, যেখানে তিনি বিউটি পালের প্রতি সংহতি প্রকাশ করে যাঁরা তাঁকে হেয় করার চেষ্টা করেছেন, তাঁদের সমালোচনা করেছেন।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, একজন বিউটি পালের গল্প নয়, এটি নারীর প্রতি আগ্রাসনের আরেকটি নাম। সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, কিন্তু একই সঙ্গে তৈরি করেছে বিচারক হয়ে ওঠার এক অদৃশ্য মঞ্চ। যেখানে কয়েক সেকেন্ডের একটি ভিডিও, একটি ছবি বা একটি বাক্য মুহূর্তেই হাজারো মানুষের আলোচনার কেন্দ্রে চলে আসে। অনেক সময় সেই আলোচনা গঠনমূলক হয়, আবার অনেক সময় তা পরিণত হয় অপমান, বিদ্বেষ এবং চরিত্রহননের উৎসবে। সাম্প্রতিক সময়ে একজন শিক্ষিকাকে ঘিরে যে ঘটনা ঘটেছে, সেটি আমার কাছে কেবল একটি ভাইরাল ভিডিওর গল্প নয়; এটি নারীর প্রতি আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির একটি নির্মম প্রতিফলন।
একজন শিক্ষকও একজন মানুষ। শ্রেণিকক্ষের বাইরে তাঁর একটি ব্যক্তিগত জীবন আছে, আনন্দ আছে, অনুভূতি আছে। তিনি গান শুনতে পারেন, হাঁটতে পারেন, ছবি তুলতে পারেন কিংবা একটি ছোট ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে পারেন। যতক্ষণ না সেই কাজ আইন, নৈতিকতা বা পেশাগত দায়িত্বের স্পষ্ট সীমা অতিক্রম করছে, ততক্ষণ সেটিকে ব্যক্তিগত স্বাধীনতার অংশ হিসেবেই দেখা উচিত।
কিন্তু আমাদের সমাজে একজন নারীর ক্ষেত্রে বিষয়টি প্রায়ই ভিন্নভাবে দেখা হয়। একজন নারী যদি হাসেন, গান শোনেন, ভিডিও করেন কিংবা নিজের স্বাভাবিক মুহূর্ত প্রকাশ করেন, তখন অনেকেই সেটিকে তাঁর কাজ বা যোগ্যতার বদলে তাঁর চরিত্রের সঙ্গে যুক্ত করে বিচার করতে শুরু করেন। একই কাজ একজন পুরুষ করলে সেটি অনেক সময় স্বাভাবিক বলে মেনে নেওয়া হয়। এই দ্বৈত মানসিকতাই আসলে সমস্যার মূল।
সমালোচনা গণতান্ত্রিক সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু সমালোচনা আর অপমান এক বিষয় নয়। কোনো মতের বিরোধিতা করা যায়, কোনো আচরণ নিয়ে প্রশ্ন তোলা যায়, কিন্তু কাউকে সামাজিকভাবে হেয় করা, বিদ্রূপ করা, ব্যক্তিগত আক্রমণের লক্ষ্য বানানো কিংবা হাজারো মানুষের সামনে তাঁকে অপমানিত করা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। যখন এসব আক্রমণ একজন নারীর পরিচয়কে কেন্দ্র করে আরও তীব্র হয়ে ওঠে, তখন সেটি কেবল অনলাইন ট্রলিং থাকে না; এটি লিঙ্গভিত্তিক সহিংসতার একটি রূপে পরিণত হয়।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ট্রল প্রায়ই বাস্তব জীবনে মানসিক চাপ, সামাজিক অপমান এবং পেশাগত অনিশ্চয়তা তৈরি করে। একজন মানুষকে এমন অবস্থায় ঠেলে দেওয়া হয়, যেখানে তাঁকে নিজের নির্দোষ কাজের জন্যও আত্মপক্ষ সমর্থন করতে হয়। এটি কোনো সুস্থ সমাজের লক্ষণ হতে পারে না।
এই ঘটনার আরেকটি ইতিবাচক দিকও আছে। অনেক মানুষ প্রকাশ্যে ওই শিক্ষিকার পাশে দাঁড়িয়েছেন। একই গান ব্যবহার করে ভিডিও তৈরি করেছেন, সংহতি প্রকাশ করেছেন, লিখেছেন প্রতিবাদের ভাষা। এটি দেখিয়েছে যে সমাজে এখনো অনেক মানুষ আছেন, যারা অন্যায়কে অন্যায় বলার সাহস রাখেন। এই সংহতি শুধু একজন ব্যক্তির প্রতি সমর্থন নয়; এটি অনলাইন হয়রানির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধেরও প্রতীক।
আমার বিশ্বাস, বিষয়টি কেবল একজন শিক্ষিকার নয়। আজ যদি একজন নারীকে তাঁর স্বাভাবিক একটি ভিডিওর জন্য অপমান করা হয়, কাল অন্য কেউ একই অভিজ্ঞতার শিকার হতে পারেন। তাই এই ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। এটি আমাদের সমাজে নারীর প্রতি প্রচলিত দৃষ্টিভঙ্গি, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার এবং ডিজিটাল সহিংসতা নিয়ে নতুন করে ভাবার একটি উপলক্ষ।
একটি সভ্য সমাজে নারীর স্বাধীনতা শর্তসাপেক্ষ হতে পারে না। একজন নারীকে তাঁর যোগ্যতা, কর্ম এবং ব্যক্তিত্ব দিয়ে মূল্যায়ন করতে হবে; সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো বিকৃত প্রচারণা দিয়ে নয়। মত প্রকাশের স্বাধীনতা যেমন সবার অধিকার, তেমনি সম্মান নিয়ে বেঁচে থাকাও প্রত্যেক মানুষের মৌলিক অধিকার।
আমরা যদি সত্যিই একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে চাই, তাহলে ট্রলকে বিনোদন হিসেবে দেখা বন্ধ করতে হবে। কারণ অনেক সময় একটি ট্রলের আড়ালে লুকিয়ে থাকে একজন মানুষের মানসিক যন্ত্রণা, একটি পরিবারের উদ্বেগ এবং একটি নারীর প্রতি সমাজের অদৃশ্য আগ্রাসন। আর সেই আগ্রাসনের বিরুদ্ধে নীরব থাকা মানে অন্যায়কে স্বাভাবিক করে তোলা।
আজ প্রয়োজন শুধু একজন বিউটি পালের পাশে দাঁড়ানো নয়; প্রয়োজন এমন একটি সামাজিক সংস্কৃতি গড়ে তোলা, যেখানে কোনো নারীকে তাঁর স্বাভাবিক জীবনযাপনের জন্য অপমানিত হতে হবে না। কারণ একজন নারীর মর্যাদা রক্ষা করা শুধু নারীর অধিকার নয়, এটি একটি সভ্য সমাজের পরিচয়।
আপনার মতামত জানানঃ