সৌন্দর্যচর্চা মানুষের জীবনের একটি বহু পুরোনো অংশ। হাজার বছর ধরে মানুষ ত্বক উজ্জ্বল করা, বয়সের ছাপ কমানো কিংবা নিজেকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য নানারকম পদ্ধতি ব্যবহার করে এসেছে। সময়ের সঙ্গে প্রযুক্তি বদলেছে, প্রসাধনী শিল্প আরও আধুনিক হয়েছে, কিন্তু সৌন্দর্যের প্রতি মানুষের আকর্ষণ একই রকম রয়ে গেছে। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে এই আকর্ষণ আরও বিস্তৃত হয়েছে। প্রতিদিন টিকটক, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউবে নতুন নতুন বিউটি ট্রেন্ড ভাইরাল হচ্ছে। এর মধ্যে কিছু ট্রেন্ড এতটাই অদ্ভুত যে শুনলে অবিশ্বাস্য মনে হয়। কোথাও ত্বকে ব্যবহার করা হচ্ছে স্যামন মাছের শুক্রাণু থেকে তৈরি উপাদান, কোথাও আবার পাখির বিষ্ঠা দিয়ে বানানো ফেস মাস্ক। এমনকি নিজের রক্ত ব্যবহার করে ‘ভ্যাম্পায়ার ফেসিয়াল’ করাও এখন জনপ্রিয় হয়ে উঠেছে।
প্রথম শুনলে এসব বিষয় নিছক উদ্ভট বা হাস্যকর মনে হতে পারে। কিন্তু বিস্ময়কর হলেও সত্য, এসব পদ্ধতির পেছনে কিছু বৈজ্ঞানিক গবেষণা এবং চিকিৎসাবিজ্ঞানের ব্যাখ্যাও রয়েছে। দক্ষিণ কোরিয়া বর্তমানে বিশ্বজুড়ে বিউটি ও স্কিনকেয়ার ট্রেন্ডের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। ‘কে-বিউটি’ নামে পরিচিত এই সংস্কৃতি বিশ্বের কোটি কোটি মানুষের রূপচর্চার ধারণা বদলে দিয়েছে। সেখানকার বিভিন্ন ক্লিনিকে এখন সবচেয়ে আলোচিত ট্রিটমেন্টগুলোর একটি হলো স্যামন মাছের শুক্রাণু থেকে পাওয়া ডিএনএ উপাদান ত্বকে ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা।
চিকিৎসকদের ভাষায়, এটি মূলত ত্বকের গভীরে পুনর্জন্ম প্রক্রিয়াকে সক্রিয় করার চেষ্টা করে। এর উদ্দেশ্য শুধু ত্বক টানটান করা নয়, বরং ত্বকের ভেতরের পরিবেশকে সুস্থ রাখা এবং কোষ পুনর্গঠনে সহায়তা করা। বিজ্ঞানীরা বলছেন, এই ধারণা এসেছে মূলত রিজেনারেটিভ মেডিসিন বা পুনর্জন্মভিত্তিক চিকিৎসা থেকে। যুদ্ধক্ষেত্রে আহত মানুষের ক্ষত সারাতে একসময় মাছের ডিএনএ ব্যবহার করা হতো। পরে গবেষকরা দেখতে পান, এই উপাদান ত্বকের কোষ মেরামতেও ভূমিকা রাখতে পারে।
গবেষণাগুলো এখনও সীমিত হলেও কিছু ক্ষেত্রে দেখা গেছে, স্যামন মাছের শুক্রাণু থেকে তৈরি পলিনিউক্লিওটাইড ত্বকের আর্দ্রতা বাড়াতে, সূক্ষ্ম বলিরেখা কমাতে এবং ত্বকের গঠন উন্নত করতে সাহায্য করতে পারে। তাই অনেক স্কিনকেয়ার ক্লিনিক এটিকে “স্কিন রিজুভেনেশন” বা ত্বকের পুনরুজ্জীবনের নতুন সমাধান হিসেবে প্রচার করছে। চার্লি এক্সসিএক্স বা জেনিফার অ্যানিস্টনের মতো আন্তর্জাতিক তারকারা এসব ট্রিটমেন্ট নিয়ে আগ্রহ দেখানোর পর বিষয়টি আরও জনপ্রিয় হয়ে ওঠে।
তবে অদ্ভুত সৌন্দর্যচর্চার ইতিহাস কিন্তু নতুন নয়। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, প্রাচীন যুগ থেকেই মানুষ নানারকম বিচিত্র উপাদান ব্যবহার করে সৌন্দর্য ধরে রাখার চেষ্টা করেছে। মিশরের রানী ক্লিওপেট্রা নাকি প্রতিদিন টক হয়ে যাওয়া গাধার দুধে গোসল করতেন। ধারণা করা হতো, এতে ত্বক কোমল ও উজ্জ্বল থাকে। আবার মিয়ানমারে শত শত বছর ধরে নারীরা ‘থানাকা’ নামে এক ধরনের গাছের ছাল পিষে মুখে ব্যবহার করছেন। এটি শুধু সাজসজ্জার জন্য নয়, সূর্যের ক্ষতিকর রশ্মি থেকেও ত্বককে রক্ষা করে।
রোমানদের মধ্যেও ছিল অদ্ভুত কিছু পদ্ধতি। তারা মুখের দাগ দূর করার জন্য ছোট কুমিরের নাড়িভুঁড়ি পিষে ত্বকে লাগাত। যদিও এসব শুনতে অবিশ্বাস্য লাগে, আধুনিক গবেষণায় দেখা গেছে প্রাচীন অনেক উপাদানের মধ্যেই বাস্তব কার্যকারিতা ছিল। যেমন কাঁচা হলুদ, সামুদ্রিক শৈবাল বা থানকুনি জাতীয় উদ্ভিদে প্রদাহ কমানোর এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা রয়েছে। আজকের অনেক আধুনিক প্রসাধনীতেও এসব উপাদান ব্যবহৃত হয়।
আধুনিক সময়ে সবচেয়ে আলোচিত অদ্ভুত ট্রেন্ডগুলোর একটি হলো ‘গেইশা ফেসিয়াল’। এতে ব্যবহার করা হয় নাইটিঙ্গেল পাখির বিষ্ঠা। জাপানে শত শত বছর আগে এই পদ্ধতির সূচনা হয়। প্রথমে লক্ষ্য করা হয়েছিল, বিশেষ ধরনের পাখির মল কাপড়ের রং তুলতে কার্যকর। পরে জাপানের গেইশারা ভারী মেকআপ পরিষ্কার করা এবং ত্বক উজ্জ্বল করার জন্য এটি ব্যবহার শুরু করেন।
বর্তমানে এই বিষ্ঠাকে বিশেষভাবে জীবাণুমুক্ত করে প্রসাধনীতে ব্যবহার করা হয়। চিকিৎসকদের মতে, নাইটিঙ্গেল পাখির বিষ্ঠায় ইউরিয়া এবং গুয়ানিন নামের উপাদান থাকে, যা ত্বক নরম করতে এবং আর্দ্রতা ধরে রাখতে সহায়ক হতে পারে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, এটি কখনোই সাধারণ পাখির বিষ্ঠা নয়। প্রক্রিয়াজাত ও পরিশোধিত উপাদান ছাড়া এ ধরনের কিছু ব্যবহার করা বিপজ্জনক হতে পারে।
টিকটকে সম্প্রতি আরেকটি বিতর্কিত ট্রেন্ড জনপ্রিয় হয়েছে, যাকে বলা হয় “মেনস্ট্রুয়াল মাস্কিং”। অর্থাৎ ঋতুস্রাবের রক্ত ব্যবহার করে ফেস মাস্ক তৈরি করা। কিছু গবেষণায় বলা হয়েছে, ঋতুস্রাবের তরলে এমন কিছু উপাদান থাকতে পারে যা ক্ষত নিরাময়ে সাহায্য করে। কিন্তু অধিকাংশ চিকিৎসক এই পদ্ধতিকে বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য মনে করেন না। বিশেষজ্ঞদের মতে, এটি মূলত সামাজিক মাধ্যমে চমক তৈরি করার জন্য ছড়িয়ে পড়া একটি ট্রেন্ড, যার পেছনে শক্তিশালী কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।
অন্যদিকে “ভ্যাম্পায়ার ফেসিয়াল” নামে পরিচিত প্লেটলেট-সমৃদ্ধ প্লাজমা বা পিআরপি চিকিৎসা নিয়ে চিকিৎসাবিজ্ঞানীরা তুলনামূলকভাবে বেশি আগ্রহী। এতে একজন মানুষের শরীর থেকে রক্ত নিয়ে বিশেষ যন্ত্রে ঘুরিয়ে রক্তের নির্দিষ্ট অংশ আলাদা করা হয়। এরপর সেই অংশ আবার ত্বকে ইনজেকশন করা হয়। এতে থাকা গ্রোথ ফ্যাক্টর কোষের পুনর্জন্ম এবং মেরামতে ভূমিকা রাখতে পারে।
বর্তমানে শুধু সৌন্দর্যচর্চা নয়, চুল পড়া, ক্ষত নিরাময় কিংবা জয়েন্টের সমস্যার চিকিৎসাতেও পিআরপি ব্যবহার করা হচ্ছে। কিছু গবেষণায় দেখা গেছে, এটি ত্বকের স্থিতিস্থাপকতা বাড়াতে এবং বয়সের ছাপ কমাতে সাহায্য করতে পারে। তবে ফলাফল সবার ক্ষেত্রে এক রকম হয় না। কারণ মানুষের শরীরে গ্রোথ ফ্যাক্টরের মাত্রা ভিন্ন হয় এবং ব্যবহৃত প্রযুক্তিতেও পার্থক্য থাকে।
বিজ্ঞানীরা বলছেন, ভবিষ্যতের স্কিনকেয়ার আরও উন্নত ও জটিল হতে যাচ্ছে। এখন গবেষণা হচ্ছে কীভাবে ত্বকে কোলাজেনের উৎপাদন বাড়ানো যায় এবং ত্বকের মাইক্রোবায়োম নিয়ন্ত্রণ করা যায়। মাইক্রোবায়োম বলতে ত্বকের ওপর থাকা অদৃশ্য ব্যাকটেরিয়া ও অণুজীবের সমষ্টিকে বোঝায়। এগুলো ত্বকের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
গবেষকরা এখন প্রিবায়োটিক ও পোস্টবায়োটিক উপাদান নিয়েও কাজ করছেন। এগুলো ত্বকের উপকারী ব্যাকটেরিয়াকে সক্রিয় রাখতে সাহায্য করতে পারে। দক্ষিণ কোরিয়ার কিছু গবেষণায় এমন ব্যাকটেরিয়া পাওয়া গেছে যা প্রদাহ কমাতে এবং কোলাজেনের ক্ষতি ঠেকাতে সহায়ক হতে পারে।
তবে এতসব ট্রেন্ডের মাঝেও চর্মরোগ বিশেষজ্ঞরা একটি বিষয় বারবার মনে করিয়ে দিচ্ছেন— ত্বকের যত্নের সবচেয়ে কার্যকর উপায় এখনও খুব সাধারণ কিছু নিয়মের মধ্যেই সীমাবদ্ধ। নিয়মিত সানস্ক্রিন ব্যবহার, পর্যাপ্ত আর্দ্রতা বজায় রাখা, স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং ভালো ঘুম— এসবই দীর্ঘমেয়াদে সবচেয়ে বেশি উপকার দেয়।
বিশেষজ্ঞদের মতে, অনেক ব্যয়বহুল ট্রেন্ডি ট্রিটমেন্ট সাময়িক ফল দিলেও সবসময় তা প্রচলিত ও পরীক্ষিত স্কিনকেয়ার পণ্যের চেয়ে বেশি কার্যকর হয় না। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া প্রতিটি ট্রেন্ড অনুসরণ করাও নিরাপদ নয়। কারণ অনেক সময় এগুলোর বৈজ্ঞানিক ভিত্তি দুর্বল থাকে অথবা গবেষণাগুলো প্রসাধনী কোম্পানির অর্থায়নে পরিচালিত হয়।
সৌন্দর্যচর্চা নিয়ে মানুষের কৌতূহল এবং নতুন কিছু চেষ্টা করার আগ্রহ কখনও কমবে না। ভবিষ্যতে হয়তো আরও অদ্ভুত ও প্রযুক্তিনির্ভর পদ্ধতি সামনে আসবে। কিন্তু সবকিছুর মাঝেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সচেতনতা। কারণ ত্বকের যত্ন মানে শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, বরং স্বাস্থ্য, নিরাপত্তা এবং বৈজ্ঞানিকভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়ও।
আপনার মতামত জানানঃ