
মার্কিন বিচার বিভাগ দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন–সংক্রান্ত বিপুল পরিমাণ নথি প্রকাশ করেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) প্রায় ৩০ লাখ পৃষ্ঠার নথি, ১ লাখ ৮০ হাজার ছবি এবং প্রায় ২ হাজার ভিডিও জনসমক্ষে আনা হয়।
নতুন প্রকাশিত নথিগুলোর মধ্যে একটি ইমেইলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম উল্লেখ রয়েছে। ওই ইমেইলে মোদির ২০১৭ সালে ইসরায়েল সফরের প্রসঙ্গ তোলা হয়েছে।
ইসরায়েলি সংবাদপত্র জেরুজালেম পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইমেইলটিতে দাবি করা হয়েছে যে, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার উপায় জানতে মোদি এপস্টিনের কাছ থেকে পরামর্শ চেয়েছিলেন। এপস্টিন নিজেই নাকি ইমেইলে এই দাবি করেছেন।
ইমেইলটিতে এপস্টিন লিখেছেন বলে জানা যায়, তিনি মোদিকে ইসরায়েল সফরের পরামর্শ দিয়েছিলেন এবং বলেছিলেন, এতে মার্কিন প্রেসিডেন্ট সন্তুষ্ট হবেন। তিনি আরও দাবি করেন, এই পরামর্শের পর মোদি ২০১৭ সালে ইসরায়েল সফর করেন এবং সেখানে ‘নাচেন ও গান করেন’। ইমেইলে বলা হয়েছে, এর কয়েক সপ্তাহ আগে তাঁদের সাক্ষাৎ হয়েছিল এবং এই পরামর্শ কার্যকর প্রমাণিত হয়।
২০১৭ সালের এই সফরটি ছিল ১৯৯২ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর ইসরায়েলে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর।
“ভারতের প্রধানমন্ত্রী পরামর্শ নিয়েছিলেন এবং মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়েছিলেন, নেচেছিলেন ও গান করেছিলেন। কয়েক সপ্তাহ আগে তাঁদের দেখা হয়েছিল। পরামর্শটি কাজ করেছিল।”
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবিগুলো সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। এক সরকারি বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ২০১৭ সালের জুলাইয়ে প্রধানমন্ত্রী মোদির ইসরায়েল সফরের তথ্য ছাড়া ইমেইলে করা বাকি সব দাবি একজন দণ্ডিত অপরাধীর ‘ভিত্তিহীন ও নোংরা কল্পনা’। মন্ত্রণালয় এসব অভিযোগকে ‘চরম অবজ্ঞা ও প্রত্যাখ্যানের যোগ্য’ বলে উল্লেখ করেছে।
আপনার মতামত জানানঃ