
ইতিহাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এটি কখনোই শুধু অতীতের গল্প নয়। ইতিহাস একই সঙ্গে বর্তমানের রাজনীতি এবং ভবিষ্যতের পথনির্দেশক। তাই বড় কোনো গণআন্দোলন বা রাজনৈতিক ঘটনার পর লড়াই শেষ হয়ে যায় না; বরং একটি নতুন লড়াই শুরু হয়—স্মৃতি, ব্যাখ্যা এবং ইতিহাসের লড়াই। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় জুলাইয়ের ঘটনাবলিও ধীরে ধীরে সেই পর্যায়ে পৌঁছেছে। দুই বছর পর এসে জুলাই আর কেবল একটি সময়ের নাম নয়; এটি এখন একটি রাজনৈতিক প্রতীক, একটি নৈতিক দাবি এবং একটি ঐতিহাসিক উত্তরাধিকারের প্রশ্ন।
যে কোনো গণআন্দোলনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি হয়ে দাঁড়ায়—এই ঘটনার প্রকৃত ইতিহাস কে লিখবে? প্রত্যক্ষদর্শী, গবেষক, সাংবাদিক, নাকি রাজনৈতিক দল? বাস্তবতা হলো, সবাই কোনো না কোনোভাবে ইতিহাস লেখে। পার্থক্য শুধু এই যে, কারও হাতে থাকে তথ্য ও দলিল, আর কারও হাতে থাকে রাজনৈতিক বয়ান। এই দুইয়ের টানাপোড়েন থেকেই জন্ম নেয় ইতিহাসকে ঘিরে দীর্ঘ বিতর্ক।
বিশ্ব ইতিহাসে এমন অসংখ্য উদাহরণ রয়েছে। ফরাসি বিপ্লবের ইতিহাস আজও একরৈখিক নয়। কেউ সেটিকে স্বাধীনতার বিজয় হিসেবে দেখেন, কেউ আবার রক্তাক্ত অস্থিরতার অধ্যায় হিসেবে মূল্যায়ন করেন। রাশিয়ার ১৯১৭ সালের বিপ্লব, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলন, কিংবা আরব বসন্ত—প্রতিটি ক্ষেত্রেই পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক শক্তি নিজেদের অবস্থানকে ইতিহাসের কেন্দ্রস্থলে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। ফলে একই ঘটনার একাধিক ব্যাখ্যা তৈরি হয়েছে।
বাংলাদেশের ইতিহাসও এই বাস্তবতা থেকে আলাদা নয়। ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ কিংবা নব্বইয়ের গণআন্দোলন—প্রতিটি অধ্যায়কে ঘিরেই সময়ের সঙ্গে সঙ্গে নতুন নতুন বর্ণনা তৈরি হয়েছে। নতুন দলিল এসেছে, নতুন গবেষণা হয়েছে, পুরোনো ধারণা চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইতিহাসের এটাই স্বাভাবিক বৈশিষ্ট্য। কারণ ইতিহাস কোনো স্থির বিষয় নয়; নতুন তথ্যের আলোকে তার ব্যাখ্যাও পরিবর্তিত হতে পারে।
তবে ইতিহাসের স্বাভাবিক বিবর্তন আর রাজনৈতিক উদ্দেশ্যে ইতিহাসকে পুনর্গঠনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। নতুন তথ্যের ভিত্তিতে অতীতকে নতুনভাবে বোঝা এক বিষয়, আর বর্তমানের রাজনৈতিক প্রয়োজন মেটাতে অতীতকে বেছে বেছে উপস্থাপন করা আরেক বিষয়। এই সীমারেখা অস্পষ্ট হয়ে গেলে ইতিহাস গবেষণার বিষয় থেকে ধীরে ধীরে প্রচারণার উপাদানে পরিণত হতে পারে।
জুলাইয়ের ঘটনাবলিকে ঘিরে আজ যে আলোচনা চলছে, সেখানে এই প্রবণতার ইঙ্গিত লক্ষ করা যায়। বিভিন্ন পক্ষ নিজেদের দৃষ্টিকোণ থেকে ঘটনাগুলো ব্যাখ্যা করছে। কেউ নির্দিষ্ট কিছু মুহূর্তকে সামনে আনছে, কেউ আবার অন্য কিছু ঘটনাকে বেশি গুরুত্ব দিচ্ছে। এটি গণতান্ত্রিক সমাজে অস্বাভাবিক নয়। বরং ভিন্নমতের উপস্থিতি একটি উন্মুক্ত সমাজের লক্ষণ। তবে সমস্যা তখনই তৈরি হয়, যখন কোনো একটি বয়ানকে একমাত্র সত্য হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা হয় এবং অন্য সব অভিজ্ঞতা, তথ্য বা ব্যাখ্যাকে অগ্রাহ্য করা হয়।
একটি গণআন্দোলন কখনোই একক কোনো ব্যক্তি বা সংগঠনের মাধ্যমে গড়ে ওঠে না। সেখানে থাকে অসংখ্য পরিচিত ও অপরিচিত মানুষের অবদান। কেউ রাস্তায় ছিলেন, কেউ চিকিৎসা দিয়েছেন, কেউ সংবাদ সংগ্রহ করেছেন, কেউ আইনি সহায়তা দিয়েছেন, অনলাইনে বয়ান তৈরি করেছেন, কেউ কেউ ‘রেমিটেন্স সাটডাউন’-এ অংশ নিয়েছেন, কেউ গ্রাফিতি বা কার্টুন এঁকেছেন, কেউ আবার নীরবে মানবিক সহায়তা করেছেন। ইতিহাস যদি এই বহুমাত্রিক বাস্তবতাকে ধারণ করতে না পারে, তবে ভবিষ্যৎ প্রজন্ম একটি অসম্পূর্ণ ছবি উত্তরাধিকার হিসেবে পাবে।
ডিজিটাল যুগ ইতিহাস রচনার প্রক্রিয়াকে যেমন সহজ করেছে, তেমনি জটিলও করেছে। আগে ইতিহাসের উপাদান ছিল সরকারি নথি, গবেষণা, বই বা সংবাদপত্র। এখন একটি মোবাইল ফোনের ভিডিও, একটি লাইভ সম্প্রচার বা একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টও ইতিহাসের প্রাথমিক উৎস হয়ে উঠতে পারে। কিন্তু এই সুবিধার পাশাপাশি একটি বড় ঝুঁকিও রয়েছে। ডিজিটাল তথ্য প্রেক্ষাপট ছাড়া দ্রুত ছড়িয়ে পড়ে। একটি আংশিক ভিডিও, সম্পাদিত ছবি বা অসম্পূর্ণ বক্তব্য অনেক সময় মানুষের মনে স্থায়ী ধারণা তৈরি করে, যদিও পরে তার ভিন্ন প্রেক্ষাপট সামনে আসে।
তাই ডিজিটাল যুগে ইতিহাস রচনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তথ্য যাচাই। ইতিহাসের জন্য কেবল তথ্য সংগ্রহ করাই যথেষ্ট নয়; তথ্যের উৎস, প্রেক্ষাপট এবং নির্ভরযোগ্যতাও সমান গুরুত্বপূর্ণ। অন্যথায় ভবিষ্যতের গবেষক এমন এক তথ্যভাণ্ডারের মুখোমুখি হবেন, যেখানে সত্য, অর্ধসত্য এবং বিভ্রান্তিকর তথ্য পাশাপাশি অবস্থান করবে।
এখানে গণমাধ্যমের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। একটি দায়িত্বশীল সংবাদমাধ্যমের কাজ শুধু তাৎক্ষণিক সংবাদ প্রকাশ করা নয়; বরং ঘটনাকে প্রেক্ষাপটসহ নথিবদ্ধ করা। কারণ আজকের সংবাদই আগামী দিনের ইতিহাসের অন্যতম উৎস। যদি সংবাদে যথার্থতা, ভারসাম্য এবং তথ্যের প্রতি সততা বজায় না থাকে, তাহলে ভবিষ্যতের ইতিহাসও দুর্বল ভিত্তির ওপর দাঁড়াবে।
গবেষকদের ভূমিকাও কম গুরুত্বপূর্ণ নয়। প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য, সরকারি নথি, আদালতের দলিল, ভিডিও, ছবি, আন্তর্জাতিক পর্যবেক্ষণ এবং স্বাধীন গবেষণা—সবকিছুকে একত্রে বিশ্লেষণ করেই একটি বিশ্বাসযোগ্য ঐতিহাসিক বর্ণনা নির্মাণ সম্ভব। একক কোনো উৎসের ওপর নির্ভর করলে ইতিহাস অসম্পূর্ণ থেকে যায়।
একই সঙ্গে সাধারণ নাগরিকেরও একটি ভূমিকা রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত প্রতিটি তথ্যকে যাচাই ছাড়া গ্রহণ করলে আমরা অনিচ্ছাকৃতভাবে ভুল স্মৃতির অংশীদার হতে পারি। একটি সমাজের সম্মিলিত স্মৃতি যত বেশি তথ্যভিত্তিক হবে, তার ইতিহাসও তত বেশি শক্তিশালী হবে।
জুলাইয়ের ঘটনাবলি নিয়ে ভবিষ্যতেও গবেষণা হবে, নতুন দলিল প্রকাশ পাবে, নতুন প্রশ্ন উঠবে। এটাই ইতিহাসের স্বাভাবিক গতি। কিন্তু সেই গবেষণা যদি উন্মুক্ত পরিবেশে হয়, ভিন্নমতকে স্থান দেয় এবং প্রমাণকে সর্বোচ্চ গুরুত্ব দেয়, তাহলেই একটি ভারসাম্যপূর্ণ ঐতিহাসিক দলিল গড়ে উঠবে। অন্যদিকে, যদি রাজনৈতিক অবস্থানই গবেষণার একমাত্র মানদণ্ড হয়ে যায়, তাহলে ইতিহাসের পরিবর্তে আমরা কেবল প্রতিদ্বন্দ্বী বয়ানের সংগ্রহশালা তৈরি করব।
আরও একটি বিষয় মনে রাখা জরুরি। ইতিহাস কেবল বিজয়ীদের সম্পত্তি নয়। অনেক সময় পরাজিতদের দলিল, সাধারণ মানুষের স্মৃতিকথা, স্থানীয় অভিজ্ঞতা কিংবা উপেক্ষিত কণ্ঠস্বরই ইতিহাসকে নতুন আলোয় দেখায়। তাই একটি গণতান্ত্রিক সমাজে ইতিহাসচর্চা যত বেশি বহুমাত্রিক হবে, ততই তা সত্যের কাছাকাছি পৌঁছাবে।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহুবার দেখা গেছে, একটি প্রজন্ম যে ঘটনাকে একটি নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে দেখেছে, পরবর্তী প্রজন্ম সেটিকে নতুন প্রশ্নের মুখোমুখি করেছে। এটি ইতিহাসের দুর্বলতা নয়; বরং শক্তি। কারণ প্রশ্ন করার স্বাধীনতা থাকলেই ইতিহাস জীবন্ত থাকে।
এক বছর পর এসে জুলাইকে ঘিরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সম্ভবত এই যে, আমরা কি ঘটনাটিকে রাজনৈতিক স্লোগানের বাইরে নিয়ে গিয়ে গবেষণা ও তথ্যের আলোকে মূল্যায়ন করতে পারব? আমরা কি এমন একটি পরিবেশ গড়ে তুলতে পারব, যেখানে ভিন্ন ব্যাখ্যা শোনা যাবে, নতুন তথ্য গ্রহণ করা যাবে এবং ভুল প্রমাণিত হলে পুরোনো ধারণা সংশোধনের মানসিকতা থাকবে?
ইতিহাসের প্রতি এই সততাই একটি জাতির পরিপক্বতার পরিচয়। কারণ ইতিহাসের উদ্দেশ্য কোনো পক্ষকে স্থায়ী বিজয়ী ঘোষণা করা নয়; বরং একটি সমাজকে তার অতীত সম্পর্কে যতটা সম্ভব সত্যনিষ্ঠ ধারণা দেওয়া। রাজনৈতিক ক্ষমতা সময়ের সঙ্গে বদলায়, জনপ্রিয় স্লোগান বদলায়, এমনকি প্রজন্মের দৃষ্টিভঙ্গিও পরিবর্তিত হয়। কিন্তু প্রমাণভিত্তিক ইতিহাস দীর্ঘস্থায়ী হয়।
জুলাইয়ের স্মৃতি তাই কেবল একটি আন্দোলনের স্মৃতি নয়; এটি বাংলাদেশের ইতিহাসচর্চার জন্যও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। আমরা কি দলীয় অবস্থানের ঊর্ধ্বে উঠে তথ্য, দলিল ও গবেষণাকে অগ্রাধিকার দিতে পারব, নাকি প্রতিটি প্রজন্ম নিজেদের সুবিধামতো নতুন ইতিহাস লিখবে? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে ভবিষ্যতের বাংলাদেশ তার অতীতকে কীভাবে স্মরণ করবে।
শেষ পর্যন্ত ইতিহাসের সবচেয়ে বড় বিচারক কোনো রাজনৈতিক দল, কোনো সরকার বা কোনো প্রজন্ম নয়—সময়। সময়ই অপ্রমাণিত দাবি থেকে প্রমাণিত সত্যকে আলাদা করে। আর তাই জুলাইয়ের প্রকৃত ইতিহাসও শেষ পর্যন্ত তাদের হাতেই নিরাপদ থাকবে, যারা আবেগের চেয়ে তথ্যকে, প্রচারণার চেয়ে দলিলকে এবং রাজনৈতিক সুবিধার চেয়ে সত্যকে বেশি গুরুত্ব দিতে প্রস্তুত।
আপনার মতামত জানানঃ