
ভারতের রাজনীতিতে হঠাৎ করেই এক অদ্ভুত নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে—‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি। নাম শুনে প্রথমে অনেকে হাসাহাসি করেছিলেন, কেউ কেউ এটাকে নিছক সোশ্যাল মিডিয়ার ট্রল ভেবেছিলেন। কিন্তু কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। লাখ লাখ তরুণ এই নামের সঙ্গে নিজেদের যুক্ত করতে শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির অনুসারীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। অনেকের কাছে এটি কৌতুক, কারও কাছে প্রতিবাদ, আবার কারও কাছে হতাশ তরুণদের এক প্রতীকী বিদ্রোহ।
ঘটনার শুরু এক্সে করা একটি পোস্ট থেকে। যুক্তরাষ্ট্রপ্রবাসী ভারতীয় তরুণ অভিজিৎ দীপকে লেখেন, “সব আরশোলা যদি একত্রিত হয়, তাহলে কী হবে?” সাধারণ একটি পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এরপরই গড়ে ওঠে ‘ককরোচ জনতা পার্টি’। নামটি ইচ্ছাকৃতভাবেই ব্যঙ্গাত্মক। ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির নামের সঙ্গে মিল রেখে তৈরি করা হয় সিজেপি। কিন্তু মজার বিষয় হলো, এই ব্যঙ্গাত্মক নামই খুব দ্রুত তরুণদের মধ্যে এক ধরনের পরিচয়ে পরিণত হয়।
ভারতের তরুণ প্রজন্মের বড় একটি অংশ বর্তমানে বেকারত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং রাজনৈতিক হতাশায় ভুগছে। শিক্ষিত তরুণদের অনেকেই চাকরি পাচ্ছেন না। বিশ্ববিদ্যালয় শেষ করেও তারা দীর্ঘ সময় কর্মহীন থাকছেন। সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত তারা নিজেদের হতাশা, ক্ষোভ আর ব্যর্থতার গল্প শেয়ার করছেন। সেই জায়গায় ‘আরশোলা জনতা’ শব্দটি তাদের কাছে এক ধরনের প্রতীক হয়ে ওঠে। সমাজ যাদের অবহেলা করে, গুরুত্ব দেয় না, তবুও যারা টিকে থাকে—আরশোলাকে সেই প্রতীক হিসেবেই ব্যবহার করা হয়েছে।
বিষয়টি আরও আলোচনায় আসে ভারতের প্রধান বিচারপতির একটি মন্তব্যকে ঘিরে। গত ১৫ মে এক মামলার পর্যবেক্ষণে তিনি বেকার তরুণদের “আরশোলা” এবং “সমাজের পরজীবী” বলে তুলনা করেন। এই মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। অনেক তরুণ মনে করেন, রাষ্ট্র ও ক্ষমতাবান শ্রেণি তাদের ব্যর্থতার জন্য দায়ী করলেও তাদের সমস্যার সমাধানে আন্তরিক নয়। সেই ক্ষোভ থেকেই ‘আরশোলা’ শব্দটিকে তারা অপমান নয়, বরং প্রতিবাদের পরিচয় হিসেবে গ্রহণ করতে শুরু করেন।
এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মিম, ভিডিও এবং ব্যঙ্গাত্মক কনটেন্ট ছড়িয়ে পড়ে। কেউ আরশোলার মুখোশ পরে ভিডিও বানাচ্ছেন, কেউ গান তৈরি করছেন, কেউ আবার রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন ব্যঙ্গের ভাষায়। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হচ্ছে অদ্ভুত সব প্রচারণা। এতে অংশ নিচ্ছেন মূলত জেন-জি তরুণরা, যারা প্রচলিত রাজনৈতিক ভাষা বা কাঠামোর বাইরে গিয়ে নিজেদের অবস্থান প্রকাশ করতে চান।
ভারতের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই বড় দুই দল বিজেপি ও কংগ্রেস আধিপত্য বিস্তার করে আছে। কিন্তু নতুন প্রজন্মের অনেকের মধ্যেই এই দুই দলের প্রতি অনাস্থা বাড়ছে। তারা মনে করছেন, তাদের বাস্তব সমস্যাগুলো নিয়ে রাজনীতিবিদরা আন্তরিক নন। ধর্মীয় বিভাজন, রাজনৈতিক মেরুকরণ এবং বেকারত্বের মতো ইস্যুতে তারা ক্রমেই হতাশ হয়ে উঠছেন। সেই শূন্যতার জায়গা থেকেই ‘ককরোচ জনতা পার্টি’ জনপ্রিয়তা পেতে শুরু করেছে।
বিশ্লেষকদের মতে, এটি আপাতত একটি সাংগঠনিক রাজনৈতিক দল নয়, বরং ডিজিটাল যুগের এক ধরনের প্রতিবাদী সংস্কৃতি। তরুণরা এখানে নিজেদের ক্ষোভকে ব্যঙ্গের মাধ্যমে প্রকাশ করছেন। আগে যেখানে রাজনৈতিক বক্তব্য ছিল গুরুগম্ভীর, এখন সেটি মিম, ট্রল এবং স্যাটায়ারের ভাষায় চলে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এই নতুন রাজনীতিকে আরও শক্তিশালী করেছে।
ভারতের তরুণদের এই ক্ষোভ শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিকও। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে কর্মসংস্থানের সংকট বেড়েছে। বিদেশি বিনিয়োগ কমেছে, মূল্যস্ফীতি বেড়েছে, শিক্ষিত যুবকদের মধ্যে হতাশা বাড়ছে। চাকরির পরীক্ষায় দুর্নীতি, প্রশ্নফাঁস এবং স্বজনপ্রীতির অভিযোগও বাড়ছে। সম্প্রতি মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’ নিয়ে ওঠা প্রশ্নফাঁসের অভিযোগ নিয়েও সিজেপি সরব হয়েছে। দলটি সংশ্লিষ্ট মন্ত্রীর পদত্যাগ দাবি করেছে।
এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তরুণরা নিজেদের আর লুকিয়ে রাখছেন না। আগে সরকারের সমালোচনা করতে ভয় পেতেন অনেকেই। এখন সামাজিক মাধ্যমে তারা খোলামেলাভাবে কথা বলছেন। অভিজিৎ দীপকের ভাষায়, “পাঁচ বছর আগে কেউ সাহস করে সরকারের বিরুদ্ধে কথা বলত না। এখন সবাই বলছে।” এই বক্তব্যই বর্তমান ভারতের সামাজিক বাস্তবতার একটি বড় চিত্র তুলে ধরে।
তবে প্রশ্ন উঠছে, এই ‘আরশোলা জনতা’ আদৌ কি রাজনৈতিক পরিবর্তন আনতে পারবে? বাস্তবতা হলো, ভারতের মতো বিশাল দেশের ক্ষমতার কাঠামো এত সহজে বদলানোর নয়। বিজেপি এখনও অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক দল। সাংগঠনিক শক্তি, প্রচারযন্ত্র এবং ভোটব্যাংকের দিক থেকে তারা অনেক এগিয়ে। ফলে সিজেপি আপাতত সরাসরি ক্ষমতার চ্যালেঞ্জ হয়ে উঠবে—এমনটা মনে করছেন না বিশ্লেষকরা।
কিন্তু ইতিহাস বলছে, সব বড় পরিবর্তনের শুরু হয় ছোট প্রতীক থেকে। কখনও একটি স্লোগান, কখনও একটি গান, কখনও একটি ব্যঙ্গাত্মক নামও সমাজে বড় প্রভাব ফেলতে পারে। ‘আরশোলা জনতা’ হয়তো এখন মিম সংস্কৃতির অংশ, কিন্তু এটি ভারতের তরুণদের মানসিক অবস্থা, ক্ষোভ এবং হতাশার বাস্তব প্রতিফলন।
বাংলাদেশ, শ্রীলঙ্কা কিংবা নেপালের সাম্প্রতিক তরুণ আন্দোলনের সঙ্গে অনেকেই এর মিল খুঁজছেন। তবে পার্থক্য হলো, সেখানে আন্দোলনের ভাষা ছিল সরাসরি রাজনৈতিক। আর ভারতে সেটি এসেছে ব্যঙ্গ আর ডিজিটাল সংস্কৃতির মোড়কে। নতুন প্রজন্ম রাজনীতিকে আর আগের মতো দেখছে না। তারা হাস্যরস, মিম এবং ট্রলের মাধ্যমেও প্রতিবাদ করতে জানে।
এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সামাজিক যোগাযোগমাধ্যমের শক্তি। আগে একটি রাজনৈতিক সংগঠন গড়ে তুলতে বছরের পর বছর সময় লাগত। এখন একটি ভাইরাল পোস্টই লাখো মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে। ইনস্টাগ্রাম, এক্স, ইউটিউব এবং শর্ট ভিডিও প্ল্যাটফর্মগুলো তরুণদের নতুন রাজনৈতিক মঞ্চে পরিণত হয়েছে। সেখানে প্রচলিত রাজনৈতিক ভাষার চেয়ে ব্যঙ্গাত্মক কনটেন্ট বেশি কার্যকর হয়ে উঠছে।
অনেকেই মনে করছেন, ‘ককরোচ জনতা পার্টি’ হয়তো শেষ পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে টিকে থাকবে না। কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে গেছে—ভারতের তরুণ প্রজন্ম ক্ষুব্ধ, হতাশ এবং পরিবর্তন চাইছে। তারা নিজেদের কথা বলার নতুন ভাষা খুঁজে পেয়েছে। সেই ভাষা কখনও ব্যঙ্গাত্মক, কখনও হাস্যকর, আবার কখনও খুব তীক্ষ্ণ।
রাজনীতির ইতিহাসে প্রায়ই দেখা গেছে, ক্ষমতাসীনরা যখন জনগণের হতাশাকে গুরুত্ব দেয় না, তখন সেটি অপ্রত্যাশিত পথে বিস্ফোরিত হয়। ‘আরশোলা জনতা’ সেই বিস্ফোরণেরই ডিজিটাল সংস্করণ কি না, তা সময়ই বলে দেবে। তবে এটুকু নিশ্চিত, ভারতের তরুণদের মধ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে, সেটিকে আর হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
আজ যারা নিজেদের ‘আরশোলা’ বলে পরিচয় দিচ্ছেন, তারা হয়তো আসলে বলতে চাইছেন—“আমাদের অবহেলা করা যায়, অপমান করা যায়, কিন্তু মুছে ফেলা যায় না।” আর এই বার্তাটিই হয়তো ভারতের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে।
আপনার মতামত জানানঃ